একটি মেডেল যা সময়ের কথা বলবে
আজ ২৫ ডিসেম্বর ২০২৪। বড়দিনের ছুটি। সকালে চায়ের কাপ হাতে নিয়ে বিগত দিনের অর্জিত মেডেলগুলোতে চোখ গেল। জানালার পাশে দাঁড়িয়ে র্যাক থেকে কয়েকটি মেডেল হাতে তুলে নিলাম। প্রতিটি মেডেল যেন একেকটি গল্প, একেকটি স্মৃতি।
মেডেলগুলোর দিকে তাকিয়ে পুরোনো ইভেন্টগুলোর ছবি চোখের সামনে ভিড় করলো। হঠাৎ নজর পড়লো UCR HALF MARATHON 2024 (EDITION-3)-এর মেডেলে। এটা একটু বড় সাইজের, সহজেই নজর কাড়ে। মেডেলটি হাতে নিয়ে ভাবতে বসলাম—আজ যদি ২০৩৪ সাল হতো আর আমার হাতে এই মেডেলটি থাকত, তবে কেমন লাগত?
আসলে, এই মেডেলটি আমার কাছে একটু অন্যরকম। কারণ শুধু একটি দৌড়ের স্মারক নয়, এটি একটি বিপ্লবের গল্পও বহন করে। এটি ২০২৪ সালের জুলাই বিপ্লব এবং জেনারেশন জেড (Gen Z)-এর অবদান কে তুলে ধরেছে। মেডেলের নকশার দিকে তাকিয়ে যেন চোখের সামনে ভেসে উঠলো সেই উত্তাল দিনগুলো।
কত শত মানুষ জীবন দিয়েছিল দেশের জন্য! রাজপথ দখলে ছিল ছাত্র-জনতা বিশেষ করে জেনারেশন জেড-এর দখলে। তাদের ঐক্য, সাহস আর দৃঢ়সংকল্প দেশকে এক নতুন অধ্যায়ে নিয়ে গিয়েছিল। শাসকগোষ্ঠী হয়তো ভুলেই গিয়েছিল যে, ক্ষমতার মূল শক্তি সাধারণ মানুষ আর তাদের ভালোবাসা। আর এই ভুলের পরিণাম তারা দেখেছিল।
মেডেলের দিকে তাকিয়ে মনেহল যেন আমি ২০৩৪ সালে আছি। আমার বৃদ্ধ চোখে ভেসে উঠছে সেই দিনগুলো—কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা তরুণ প্রজন্ম, রক্ত-মাখা রাজপথ, আর বিজয়ের এক অনন্য গল্প ।

মেডেলের নকশাটি মন ছুঁয়ে যায়। জাতীয় পতাকার রং লাল আর সবুজের সমন্বয়ে একটি উদীয়মান সূর্যের প্রতিচ্ছবি, যা নতুন ভোরের বার্তা দেয়। কেন্দ্রীয় অংশে জেনারেশন জেড-এর প্রতিনিধিত্বকারী এক উদ্যমী যুবক জাতীয় পতাকা উঁচু করে ধরে আছে। এটাই যেন তাদের ঐক্য, সাহস এবং দেশের উন্নয়নে অবিচল অঙ্গীকারকে প্রতিফলিত করে।
মেডেলের এক পাশে সামরিক ট্যাঙ্কার উপরে জাতীয় পতাকা ধারণ একটি অত্যন্ত শক্তিশালী বার্তা দেয়। এটি প্রতীকীভাবে সেই লড়াইয়ের কথা মনে করিয়ে দেয়, যেখানে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রয়াসে শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করা হয়েছিল।
প্রান্তে খোদাই করা “Gen Z” যা তরুণ প্রজন্মের সংগ্রাম আর অবদানের প্রতি শ্রদ্ধা জানায়। পেছনের অংশে UCR হাফ ম্যারাথনের লোগো আর “Run for Health, Run for Unity!” স্লোগানটি যেন স্বাস্থ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।
এই মেডেলটি যেন এক টাইম মেশিন। ১০ বা ২০ বছর পর যখন এটি হাতে তুলে নেবো, তখনই আমি চলে যাবো সেই উত্তাল দিনগুলোর স্মৃতিতে। ধন্যবাদ Ultra Camp Runners (UCR), এমন একটি অসাধারণ নকশা ও ভাবনা নিয়ে এই মেডেলটি তৈরি করার জন্য। আমার অর্জিত মেডেলগুলোর মধ্যে এটি নিঃসন্দেহে একটি বিশেষ অর্জন। আজকের দিনটিও হয়তো একদিন স্মৃতি হবে। কিন্তু এই মেডেল, এই গল্প, আর এই অনুভূতিগুলো অমলিন।
Run for health, run for unity.