ইলেকট্রনিক্সের নস্টালজিয়া: পুরোনো Raspberry Pi-এর AI অভিযান
আজ শনিবার সকালে ঘুম থেকে উঠেই মনে হলো, আজ তো কিছু একটা দারুণ মজার কাজ করতে হবে! কালই তো শখের সোল্ডারিং আয়রনটা ঠিক করলাম, তাই আজ সেটা দিয়ে কিছু করতে না পারলে মনটাই খারাপ হয়ে যাবে। ভাবছি আর ঘরের ইলেকট্রনিক্সের জঞ্জালের দিকে তাকিয়ে আছি। হঠাৎ চোখ পড়লো অনেকদিনের পুরোনো একটা Raspberry Pi-তে। ওটা দেখে মাথায় এক আইডিয়া এলো ।
“যাক, এবার এই পুরোনো বন্ধুটা আবার চালু করতেই হবে!” তবে সমস্যা একটাই—এর পাওয়ার সাপ্লাই অনেক আগেই পুড়ে গিয়েছে। নতুন পাওয়ার সাপ্লাই কিনতে যাব? না, না। ঠিক করলাম নিজেই কিছু একটা বানিয়ে ফেলবো।
ভাবতে ভাবতে মনে পড়লো ঘরে একটা নষ্ট একটা HP মনিটর পড়ে আছে। মনে হলো, এর ভিতরে পাওয়ার সাপ্লাই সেকশনটা দেখলে হয়তো কিছু পাওয়া যাবে। মনিটরটা খুলে দেখি দারুণ জিনিস! পাওয়ার সাপ্লাই বোর্ড থেকে মাল্টিমিটার দিয়ে আউটপুট মাপতেই দেখি, এ যে একেবারে মনের মতো—5 ভোল্ট, ২ অ্যাম্পিয়ার! ঠিক তাই, যা আমার Raspberry Pi-র জন্য দরকার।
তৎক্ষণাৎ সোল্ডারিং আয়রন নিয়ে ঝাঁপিয়ে পড়লাম কাজে। পুরোনো এক USB হাব পেলাম, যা এই প্রজেক্টে একেবারে আদর্শ হবে। মনিটরের পাওয়ার সাপ্লাই বোর্ড থেকে USB হাবের ইনপুটে সোল্ডার করে কানেক্ট করলাম। আর ভাবলাম, Raspberry Pi ঠান্ডা রাখতে একটা ছোট্ট কুলিং ফ্যানও লাগানো দরকার। সেটাও ৫ ভোল্টের পাওয়ার লাইন থেকে প্যারালাল ভাবে কানেক্ট করে দিলাম।
সব সোল্ডারিং শেষ করে দেখি পুরোনো পিসি পাওয়ার সাপ্লাইয়ের বাক্সটা ফাঁকা পড়ে আছে। সেটাতেই সবকিছু মাউন্ট করে দিলাম। একবার দেখলে মনে হবে এটা যেন কোনো প্রফেশনাল কারখানার কাজ! হা হা হা
সব ঠিকঠাক করে Pi-টা চালু করলাম। এবার Casa OS ইনস্টল করার পালা। Casa OS এমন এক চমৎকার সফটওয়্যার যা দিয়ে Docker কন্টেইনারের মাধ্যমে মজার সব অ্যাপ্লিকেশন রান করা যায়। ছোট খাটো AI এবং মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন চালানোর জন্য ভালোই।
Pi-টা রাউটারের পাশে রেখে ইথারনেট ক্যাবল দিয়ে কানেক্ট করলাম। তারপর আমার ল্যাপটপ থেকে Casa OS-এর ওয়েব ইন্টারফেসে লগইন করতেই দেখি, সবকিছু একদম নিখুঁতভাবে কাজ করছে। “কি মজা!” মনে মনে ভাবলাম।
এখন Raspberry Pi দিয়ে মেশিন লার্নিং আর AI নিয়ে এক্সপেরিমেন্ট করার প্ল্যান করছি। TensorFlow আর OpenCV ব্যবহার করে ছোট ছোট প্রজেক্ট শুরু করবো। Casa OS থাকায় এই কাজগুলো খুব সহজ হবে।
এই পুরো প্রজেক্টটা করতে গিয়ে ইলেকট্রনিক্সের প্রতি আমার পুরোনো ভালোবাসা যেন আবার জেগে উঠলো। সেই দিনগুলোর কথা মনে পড়লো, যখন সারাদিন সোল্ডারিং আয়রন আর সার্কিট নিয়ে কাটিয়ে দিতাম। আর এই অভিজ্ঞতা আবার নতুন করে মনে করিয়ে দিলো যে ইলেকট্রনিক্স আর কোডিং মিলে কত অসাধারণ জিনিস করা সম্ভব।

- মনিটরের পাওয়ার সাপ্লাই বোর্ড: এই বোর্ড থেকেই পাওয়ার সাপ্লাই বানানো হয়েছে।
- USB হাব: Pi-এর পাওয়ার এবং অন্যান্য ডিভাইস কানেক্ট করার জন্য।
- কুলিং ফ্যান: Pi ঠান্ডা রাখতে ব্যবহৃত।
- পুরোনো পিসি পাওয়ার সাপ্লাই বাক্স: সব উপাদান সুন্দরভাবে মাউন্ট করার জন্য।
- Casa OS ইন্টারফেস: সহজেই নতুন অ্যাপ্লিকেশন চালানোর প্ল্যাটফর্ম।
এই ছোট্ট প্রজেক্টটা আমাকে আবারও মনে করিয়ে দিলো, পুরোনো জিনিসগুলো কখনো ফেলে দিতে নেই। সঠিক ব্যবহার করলে এগুলো দিয়ে দুর্দান্ত কিছু করা যায়। Raspberry Pi-এর নতুন জীবন শুরু হলো, আর এখন আমার পরবর্তী মিশন—এটা দিয়ে আরও মজার এবং উপকারী প্রজেক্ট তৈরি করা।
আপনারা যদি কোনো নতুন আইডিয়া দিতে চান, তাহলে অবশ্যই জানাবেন। পুরোনো প্রযুক্তি দিয়ে নতুন কিছু করার এই যাত্রা অব্যাহত থাকবে !